প্রেমের টানে রংপুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, মাত্র দেড় মাসের সম্পর্ক আর সেই টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে করলেন এক বিদেশি যুবক। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। খবর ছড়িয়ে পড়তেই ভিনদেশি এই যুবককে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে।

জানা গেছে, কনের নাম আনিকা আক্তার। তিনি স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। তার স্বামী মা লিয়াংহুই, যিনি চীনের নাগরিক।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। অল্প সময়েই সেই পরিচয় গাঢ় সম্পর্কে রূপ নেয়। ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশে আসেন মা লিয়াংহুই। এরপর থেকে তিনি প্রেমিকার বাড়িতেই অবস্থান করছিলেন।

বিয়ের খবর জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দলে দলে এসে নবদম্পতিকে দেখতে ভিড় করছেন।

এ বিষয়ে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানা যাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495