ইউএনওর আলটিমেটাম পেরোলেও উদ্ধার হয়নি ঘর, ঝুলল বিএনপির সাইনবোর্ড
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোলারহাট বাজারে সাধারণ ব্যবসায়ীদের জন্য নির্মিত সরকারি শেড ঘর দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া ১৫ দিনের আলটিমেটাম পেরিয়ে গেছে। তবে সরকারি এই সম্পত্তি উদ্ধার হয়নি; বরং দখল হওয়া শেডটির টিনের বেড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খোলারহাট বাজার শাখা কার্যালয়’ লেখা ব্যানার-সাইনবোর্ড। অথচ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতারা বলছেন, এ নামে তাঁদের দলের কোনো শাখাই নেই।
থানীয় সূত্রে জানা গেছে, বাজারের সাধারণ ব্যবসায়ীদের ব্যবহারের জন্য ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় শেড ঘরটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা সেটি ব্যবহার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকজন ব্যক্তি ভূমি অফিসের সীমানাসংলগ্ন ওই সরকারি স্থাপনাটি দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেন।
এলাকাবাসীর অভিযোগ, ভূমি কর্মকর্তা সাদিকুর রহমানের যোগসাজশ ও পরামর্শেই সরকারি স্থাপনাটি দখলের সুযোগ তৈরি হয়। প্রশাসনের বাধা এড়াতে ক্লাবঘরের পরিবর্তে বিএনপির নাম ব্যবহার করে সাইনবোর্ড টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে।
বিষয়টি প্রশাসনের নজরে এলে ইউএনও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে শেড ঘরটি দখলমুক্ত করার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দখলমুক্ত করার কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি; বরং সেখানে বিএনপির শাখা কার্যালয়ের সাইনবোর্ড দেখা যায়।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার লাল বলেন, ‘খোলারহাট শাখা নামে আমাদের কোনো শাখা নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না। এটি আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত নয়।’
ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্সের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, ‘আমাদের ফুলবাড়ী উপজেলায় এখনো কোনো কমিটি দেওয়া হয়নি। খোলারহাট শাখা নামেও কোনো শাখা নেই।’
যোগসাজশ, পরামর্শ ও অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে ভূমি কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ঘরটি দখল হয়েছে, এটা সত্য। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জায়গা কোনো ব্যক্তি বা মহলের অবৈধভাবে দখল করার সুযোগ নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারি অর্থে নির্মিত শেড ঘরটি দখল ও রাজনৈতিক পরিচয় ব্যবহারের বিতর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত এটি উদ্ধার করে সাধারণ ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।