শিক্ষামন্ত্রীর আচরণে ‘উগ্র মনোভাব’ প্রকাশ পায়, ভাষা ঠিক করার আহ্বান জুলাইযোদ্ধার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

জুলাইযোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বক্তব্য ও আচরণের সমালোচনা করে বলেছেন, তার কথাবার্তায় ‘উগ্র মনোভাব’ প্রকাশ পায়। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে ভাষা ও আচরণে সংযত হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাফসিন মেহনাজ আজিরিন বলেন, “এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। তার আচার-ব্যবহার এমন যে, তিনি একাই সৎ আর সবাই চিটার-বাটপার। কিন্তু তার অনেক আচরণই আসলে উগ্রবাদী আচরণ।”

তিনি আরও বলেন, “তার নিজের ভাষা ঠিক করা এবং কথাবার্তা ও আচরণ উন্নত করা উচিত বলে আমি মনে করি।”

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “দুই দিন আগে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি স্বাধীনতা দিলে তারা জঙ্গি তৈরি করবে। কিন্তু ১৮ তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে না নামত, তাহলে আপনারা কোথায় থাকতেন সেটা আগে ভাবা উচিত।”

নাফসিন মেহনাজ আজিরিনের দাবি, কোনো বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো একটি শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থী সমাজের ওপর চাপানো ঠিক নয়। তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনো নির্দিষ্ট পরিবার, সমাজ বা শিক্ষাপ্রতিষ্ঠান নেই। একটি ব্যক্তিগত ঘটনার কারণে পুরো প্রতিষ্ঠানকে বিচার করা যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি করার কোনো কাঠামো নেই, ডাকসু নেই, কোনো ছাত্রসংগঠনও নেই। তারপরও সবাই দেখেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করতে ভূমিকা রেখেছিল।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495