সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:১২ এএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়। বিষয়টি সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বিএফআইইউ’র পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে অর্থপাচার প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে তার হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত তথ্য এবং লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণীসহ প্রয়োজনীয় সব নথি তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তার বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন-এ অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি অভিযোগগুলো যাচাই-বাছাই করছে।