এবার সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকেই কার্যকর
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
বাজারে টানা কয়েকদিন ধরে সয়াবিন তেলের সরবরাহ সংকটের মধ্যেই খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উৎস পর্যায়ে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়েছে, যা দেশের বাজারেও প্রভাব ফেলেছে।
মন্ত্রী জানান, আমদানিকারকদের পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে যৌক্তিকতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও তার প্রতিফলন ঘটবে এবং সে অনুযায়ী পুনরায় সমন্বয় করা হবে।
দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের ওপর কিছুটা চাপ পড়বে স্বীকার করে মন্ত্রী বলেন, প্রয়োজনে বিকল্প হিসেবে পাম তেলসহ অন্যান্য ভোজ্যতেল ব্যবহার করতে পারেন সাধারণ মানুষ।
নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করতে বাজারে নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি। স্থানীয় প্রশাসনের মাধ্যমেও তদারকি জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী।
এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন মূল্য আংশিক সমন্বয় করা হয়েছে। তারা এ সিদ্ধান্ত মেনে নিলেও ঈদের পর বাজার পরিস্থিতি বিবেচনায় আবারও দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি প্রায় ৬ শতাংশ বেড়েছে। গত বছরের তুলনায় খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ এবং পাম তেলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।
এর আগে সরকার জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দামও বাড়ানোর ঘোষণা দিয়েছিল।