বিশ্বজুড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েলকে চরমভাবে অপছন্দ করেন: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সম্প্রতি পিউ গবেষণা কেন্দ্রের প্রকাশিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের বড় একটি অংশের মানুষ ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন।

জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের মধ্যে অধিকাংশ উত্তরদাতা ইসরায়েলের প্রতি তীব্র বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে মাত্র ২৫ শতাংশ মানুষ দেশটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

পিউ গবেষণা কেন্দ্র জানায়, জরিপের অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর, যা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়িয়েছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের পাশাপাশি ইরানের সঙ্গে সংঘাত ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।

ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও একই ধরনের মনোভাব দেখা যায়। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় কোনো জরিপ চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

শুধু মুসলিম বিশ্ব নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ইসরায়েলবিরোধী মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনসহ একাধিক প্রভাবশালী ইউরোপীয় দেশে অধিকাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

গাজায় চলমান সামরিক অভিযানের কারণে ইসরায়েলের ভাবমূর্তি আগেই ক্ষতিগ্রস্ত ছিল। তবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২৪টি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্তত ১৩টি দেশে আগের বছরের তুলনায় ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব বেড়েছে। উদাহরণ হিসেবে আর্জেন্টিনায় এই হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশে পৌঁছেছে।

এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরায়েল নিয়ে অসন্তোষ প্রকাশ করা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495