আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে সেলিম মন্ডল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আইভীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এর আগে ফতুল্লা থানায় বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা এবং সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মোট পাঁচটি মামলায় একই দিন উচ্চ আদালত থেকে জামিন পান আইভী।
তবে পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন না পেরুতেই নতুন করে আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ১১টি মামলায় আসামি হলেন তিনি।
সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে ২০২৪ সালের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন সেলিম মন্ডল।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে তাকে গ্রেফতার দেখানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইনশৃঙ্খলা বাহিনী আইভীকে গ্রেফতার করে।