তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, ‘স্মৃতিশক্তি লোপ পেয়েছে’ দাবি আইনজীবীর
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৩২ পিএম
অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আসামিরা পলাতক থাকায় গত ১৯ এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ পরোয়ানা জারি করেন। বিষয়টি মঙ্গলবার (৫ মে) আদালত সূত্রে জানা গেছে।
মামলার অপর দুই আসামির মধ্যে মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে। তবে জামিনে থাকা মোশাররফ হোসেন আদালতে হাজিরা দিয়েছেন। এদিন মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।
এদিকে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কথা জানিয়ে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে আবেদন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ তোফায়েল আহমেদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এমনকি তার স্মৃতিশক্তিও লোপ পেয়েছে এবং তিনি কাউকে চিনতে পারছেন না বলে দাবি করেন আইনজীবী।
আইনজীবী আরও জানান, বর্তমান অবস্থায় তোফায়েল আহমেদ আদালতের কার্যক্রমে অংশগ্রহণের মতো শারীরিকভাবে সক্ষম নন। এ সময় তার মানসিক অবস্থা পরীক্ষা করার আবেদন এবং অভিযোগ গঠন শুনানি পেছানোর অনুরোধ করা হয়।
তবে আদালত ওই আবেদন নামঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (৭ মে) অভিযোগ গঠন বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০০২ সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ অবৈধভাবে অর্জিত অর্থ গোপন করতে সহযোগীদের মাধ্যমে এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করেন। এ ঘটনায় ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়। সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এ অর্থ স্থানান্তর ও পরবর্তীতে উত্তোলন করা হয়। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।