প্রিজনভ্যান দুর্ঘটনা: পলকের ঘাড়ে ২টি ও কোমরে ৩টি হাড় সরে গেছে
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুর্ঘটনার পর তার ঘাড় ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরে আইনজীবীদের আবেদনের পর তার এমআরআই করা হয়।
এমআরআই প্রতিবেদনে দেখা গেছে, পলকের ঘাড়ের দুটি এবং কোমরের তিনটি হাড়ে সমস্যা দেখা দিয়েছে। তবে তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর আদালতে আবেদন করা হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। প্রতিবেদনে কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে হাড় সরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া ঘাড়ের সি-৫/৬ ও সি-৬/৭ ডিস্কেও সমস্যা ধরা পড়েছে।
আইনজীবীর দাবি, আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন পলক। সম্প্রতি কারাগারে দেখা করতে গিয়ে তিনি দেখেছেন, পলক স্বাভাবিকভাবে ঘাড় নাড়াতে পারছেন না। এমআরআই প্রতিবেদনে গুরুতর সমস্যা ধরা পড়লেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আদালতে আবেদন করা হবে বলেও জানান তরিকুল ইসলাম।
প্রিজনভ্যান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা- তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।