হামের টিকা: ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট শুনানি মুলতবি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৫৯ পিএম
হামের টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের ওপর শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
রিটে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তারা সংশ্লিষ্ট ছিলেন।
এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল এ বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দাবি করা হয়, দেশে হামের সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের টিকা ব্যবস্থাপনা রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়।