ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে, প্রশ্ন হাইকোর্টের
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩৫ পিএম
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিতে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
আদালত বলেন, ড. ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাহলে তার এবং সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কী প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) হামের টিকাদান কর্মসূচি বাতিলের তদন্ত এবং ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে রিটকারীর আইনজীবীদের উদ্দেশে এই প্রশ্ন তোলেন আদালত।
শুনানিতে আদালত আরও উল্লেখ করেন, দেশে সাবেক প্রধান উপদেষ্টার ব্যবসাসহ নানা ধরনের সম্পদ ও কার্যক্রম রয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, হামের টিকাদান কর্মসূচি বাতিলকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে ১৭ মে রিট আবেদন করা হয়। একই সঙ্গে ওই ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়াও হয়।