রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:২০ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে মোহাম্মদ কালাম খান বলেন, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে ঢাকা বারের কোনো আইনজীবী আদালতে মামলা পরিচালনা করবেন না।
উল্লেখ্য, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে নিজের কক্ষে ডেকে নেয় সোহেল রানা। পরে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয় এবং বিচ্ছিন্ন মাথা বাথরুমের একটি বালতিতে রাখা হয়েছিল।
এদিকে স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।