প্লট বরাদ্দে জালিয়াতি: হাসিনা-রেহানা ও টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর আদালত এ দিন ধার্য করেছিলেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশীদ আলম, বাকিরা পলাতক। মামলার শুনানিতে দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তরিকুল ইসলাম। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা—যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। খুরশীদ আলমের পক্ষে যুক্তি খণ্ডন করেন আইনজীবী শাহীনুর রহমান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার খালাস চাওয়া হয়। পলাতক আসামিদের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন হয়নি। উভয়পক্ষের শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।