নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঘিরে বিশ্বজুড়ে আলোচনা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:১০ পিএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের একটি ব্যতিক্রমী মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি রঙের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর সেই নাম ও অদ্ভুত গড়নের কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
অস্বাভাবিক শারীরিক গঠন, কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল এবং ভিন্নধর্মী চেহারার কারণে মহিষটি দেশজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাধারণত কালো রঙের মহিষ বেশি দেখা গেলেও এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং হালকা গোলাপি বা ক্রিম বর্ণের, যা একে অন্যসব মহিষ থেকে আলাদা করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মহিষটির কপালের সোনালি চুল অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত চুলের ধরনকে মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই মজার ছলে মহিষটির এমন নামকরণ করা হয়।
বর্তমানে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া কৃষি খামারে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন মহিষটিকে এক নজর দেখতে। অনেকেই সেখানে ছবি ও ভিডিও ধারণ করছেন।
খামারের মালিক জিয়াউদ্দিন জানান, প্রথমে তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রাখেন। পরে এটি যে এত জনপ্রিয় হয়ে উঠবে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে, তা তারা কল্পনাও করেননি।
শুধু রয়টার্স নয়, বিশ্বের আরও বিভিন্ন সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে আলোচিত এই মহিষ। কোরবানির পশুর নাম পরিচিত ব্যক্তি বা তারকাদের নামে রাখার প্রচলন বাংলাদেশে নতুন না হলেও এবারের ঈদে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।