র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সিদ্ধান্তে সম্মতি দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন নামেই বাহিনীটি পরিচিত হবে। আনুষ্ঠানিক আদেশ জারির পরপরই এসআইএফ নামে কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন ইউনিফর্ম প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত দেড় বছরে বাহিনীটির কার্যক্রম ও পেশাদারিত্বে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নতুন নাম ও পরিচয় দেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘র্যাব’ নামটি নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। নতুন নামের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, পুলিশের মনোবল ও সক্ষমতা আগের তুলনায় বেড়েছে, ফলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না।