‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধীরা রাজনীতি করতে চাচ্ছে’
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুম, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও গ্রহণযোগ্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। তিনি স্বীকার করেন, প্রণীত অধ্যাদেশগুলোর সব বিষয় নিখুঁত ছিল না। গুম প্রসঙ্গে তিনি বলেন, তিনি নিজেও এমন ঘটনার শিকার হয়েছেন এবং এ বিষয়ে আরও কার্যকর আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দল সংসদের একাধিক অধিবেশন বর্জন করেছে, যা তাদের অধিকার হলেও যেসব ইস্যুতে তারা বর্জন করেছে, সেগুলো যৌক্তিক নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদের বাইরে বিরোধী দল ভুল তথ্য উপস্থাপন করছে।
তিনি জানান, অনেক ক্ষেত্রেই বিরোধী দল বাস্তবতা বিবেচনা না করেই প্রশ্ন তুলছে। তারা যেসব অধ্যাদেশ নিয়ে আপত্তি জানিয়েছে, সেগুলোই অপরিবর্তিতভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে।
জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আগের বিধানে অনির্দিষ্টকাল দায়িত্বে থাকার সুযোগ থাকলেও সরকার তা সংশোধন করেছে। এ বিষয়ে সবার মতামত নিয়ে ভবিষ্যতে নতুন বিল আনা হতে পারে।
এছাড়া যেসব বিল এখনো সংসদে উত্থাপন করা হয়নি, সেগুলো সংশোধন করে পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট আয়োজন করেছে এবং এর আইনি ভিত্তি রয়েছে। তবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গে কিছু অসামঞ্জস্যের বিষয় আদালতে বিচারাধীন রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে নতুন করে গণভোট আয়োজন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।