গণভোটের বৈধতা তো আছেই, এটিকে অবৈধ বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ এএম

ছবি: সংগৃহীত

গণভোট অধ্যাদেশের আওতায় অনুষ্ঠিত গণভোট সম্পূর্ণ বৈধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে বলেন, গণভোটের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এটিকে অবৈধ বলার সুযোগ নেই।

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চতুর্থ তফসিলের আওতায় বিগত সরকারের অধিকাংশ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্যতা পাবে। তিনি বলেন, “বৈধতা তো আছেই, অবৈধ তো বলছি না।”

তিনি আরও বলেন, বিদ্যমান অধ্যাদেশকে নতুন করে আইনে পরিণত করার প্রয়োজন নেই। কারণ এই আইনের ভিত্তিতে ভবিষ্যতে কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। যদি আবার গণভোট আয়োজনের প্রয়োজন হয়, তবে তা সংবিধান অনুযায়ী বা সংবিধানের বাইরে করতে হলে নতুন আইন প্রণয়ন করতে হবে।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কার্যদিবস সীমিত থাকা সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে, যা ছিল বেশ চ্যালেঞ্জিং।

সালাহউদ্দিন আহমদ জানান, মাত্র ১২ থেকে ১৩ দিনের মধ্যে এসব অধ্যাদেশ নিষ্পত্তি করতে হয়েছে। সময় স্বল্পতার কারণে কিছু বিলের কপি ও তুলনামূলক বিবরণ সংসদে উপস্থাপনের আগে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এ বিষয়ে স্পিকারকে অবহিত করা হলে তিনি কার্যপ্রণালী বিধি অনুযায়ী সময় মার্জনার ক্ষমতা প্রয়োগ করেন।

তিনি আরও জানান, অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি ১৩৩টি অধ্যাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে। ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে বিল আকারে উপস্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কিছু অধ্যাদেশ সংশোধন, বাতিল বা সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495