সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রায় পাঁচ লাখ পদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের মধ্যেই এই বিশাল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সূত্র আরও জানায়, শূন্য পদের পূর্ণাঙ্গ তালিকা ও নিয়োগ পরিকল্পনার রূপরেখা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কমিশন তাদের পরিকল্পনা সরকারকে অবহিত করেছে। এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দ্রুত ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্নের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
সবচেয়ে বেশি নিয়োগ আসতে পারে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিক্ষিত বেকারদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সরকারি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।