সরকার লোন নিলে জনগণের কল্যাণেই নেবে, এই টাকা চুরি হবে না: জাহেদ উর রহমান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে চলমান উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রীর পলিসি ও কৌশলগত উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার ঋণ নিলে তা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং এই অর্থ কোনোভাবেই চুরি বা অপচয়ের সুযোগ নেই।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি ঋণকে অতিরিক্ত ভীতিকরভাবে দেখার প্রয়োজন নেই। বিশ্বের বহু দেশই তাদের মোট দেশজ উৎপাদনের তুলনায় অনেক বেশি ঋণ নিয়ে অর্থনীতি পরিচালনা করছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের কথা উল্লেখ করে বলেন, দেশটি অনেক বেশি ঋণ নিয়েও সফলভাবে অর্থনীতি চালাচ্ছে।
ঋণের চাপ শেষ পর্যন্ত জনগণের ওপর পড়ে—এ কথা স্বীকার করে তিনি বলেন, দেশের মূল সমস্যা শুধু ঋণ নয়, বরং আগের নেওয়া ঋণের বড় অংশ সঠিকভাবে ব্যবহার হয়নি। অনেক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে সেই অর্থ জনগণের কাজে লাগেনি।
তিনি আরও বলেন, পৃথিবীর কোনো সরকারই ঋণ ছাড়া পরিচালিত হয় না। ব্যক্তি যেমন আয় অনুযায়ী ব্যয় করে, সরকারও তার পরিকল্পনা অনুযায়ী আয়-ব্যয় নির্ধারণ করে। প্রয়োজন হলে ঘাটতি পূরণে ঋণ নিতে হয়, যা বিশ্বজুড়েই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া।
জ্বালানি মূল্য বৃদ্ধি ও ভর্তুকি কমানোর প্রসঙ্গে তিনি বলেন, সরকার ধীরে ধীরে ভর্তুকি কমানোর চেষ্টা করছে। তবে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণের সুযোগ কমে যায়, আর অতিরিক্ত অর্থ ছাপালে মূল্যস্ফীতি বাড়ে। এসব বিষয় বিবেচনায় রেখেই সরকার ঋণ ব্যবস্থাপনা করছে।
সবশেষে তিনি বলেন, সরকার যদি ঋণ নেয়, তা অবশ্যই জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং এই অর্থ চুরি বা অপব্যবহারের কোনো সুযোগ থাকবে না।