সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গঠনমূলকভাবে সমালোচনা করার সুযোগসহ প্রকৃত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংসদ গঠনের পর শুধু মত প্রকাশের কারণেই অন্তত ৯টি আটকের ঘটনা ঘটেছে। এমনকি একজন প্রতিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার কারণে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে, যা সরকারের ঘোষিত মত প্রকাশের স্বাধীনতার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে আগেও মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটি ছিল কেবল ‘সহমত’-এর মধ্যে সীমাবদ্ধ। এখন তারা দ্বিমত প্রকাশের সুযোগ চান এবং সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, মত প্রকাশের কারণে নাগরিকদের আটকের ঘটনা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে কার্টুন বা ব্যঙ্গচিত্র শেয়ার করে স্বাধীন মত প্রকাশে উৎসাহ দেওয়ার কথা বললেও মাঠপর্যায়ে তার প্রতিফলন নেই।

দেশের শিক্ষাঙ্গনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের ওপর একটি বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। যেখানে মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্তানরা বিদেশে পড়াশোনা করলেও সাধারণ মধ্যবিত্ত শিক্ষার্থীদের রাজনীতিতে জড়াতে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনো নেতা তৈরির কারখানা নয়, বরং এটি হওয়া উচিত শিক্ষা ও গবেষণার কেন্দ্র।

প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো এখনো সংসদে উপস্থাপন না হওয়া রহস্যজনক।

শেষে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দল নির্মূলের প্রবণতা অব্যাহত থাকলে তৃতীয় কোনো অপশক্তির সুযোগ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495