দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কোনো ভিত্তি নেই: র্যাব
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ এএম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, এই মুহূর্তে এমন কোনো আশঙ্কা বা সুনির্দিষ্ট হুমকি দেখা যাচ্ছে না। অপরাধীরা এ ধরনের কোনো কর্মকাণ্ডে সাহস দেখাবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ওই সতর্কবার্তায় সংশ্লিষ্ট উগ্রবাদী সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। এদিকে সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামের এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে, যিনি ওই সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, যেকোনো ঝুঁকি ও হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস ও জনসংশ্লিষ্ট ভবনের নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।