নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
নতুন ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার নিবন্ধনের সময় নির্ধারিত ফরম-২, ফরম-৩, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, এসএসসি বা সমমানের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রমাণপত্র জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে জন্মতারিখ যাচাইয়ে এসব সনদের গুরুত্ব অত্যন্ত বেশি।
তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, অনেক আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হলেও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলো তাদের এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এর ফলে ভবিষ্যতে তথ্য সংশোধনের সময় জটিলতা তৈরি হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ছেন। এমনকি কিছু ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন তিনটি নির্দেশনা দিয়েছে।
প্রথমত, নিবন্ধনের সময় আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে তার এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখসহ) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে।
দ্বিতীয়ত, আবেদনকারী উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে।
তৃতীয়ত, সিনিয়র জেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত অফিস পরিদর্শন ও নমুনাভিত্তিক তদারকির মাধ্যমে এই কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।