ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন চলবে জেনে নিন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব স্পেশাল ট্রেন চলাচল করবে, যাতে ঈদযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়।
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ট্রেন বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। একই রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ট্রেন বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। একই রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সকাল ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বেলা ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
রেলওয়ে জানিয়েছে, চাঁদপুর ও তিস্তা রুটের স্পেশাল ট্রেনগুলো আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এছাড়া ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত ট্রেনগুলো পরিচালিত হবে।
অন্যদিকে, পার্বতীপুর রুটের ট্রেনগুলো ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে আরও তিন দিন চলবে। শোলাকিয়া রুটের চারটি ট্রেন শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।