আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:১৩ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো নতুন করে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বহু অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সধারীদের অনেকেই অস্ত্র জমা দেননি। তাই লাইসেন্সগুলো ফেরত নেওয়ার পাশাপাশি যাচাই-বাছাই করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সধারীদের অস্ত্র জমা নেওয়া হলেও এখনো অনেক অস্ত্র ফেরত দেওয়া হয়নি। দ্রুত এসব অস্ত্র ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রায় ১০ হাজার লাইসেন্সধারী অস্ত্র জমা দেননি। সেগুলো উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোও যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এসব মামলার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে—যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চলবে, আর বাকিগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোরবানির পশুর হাট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কোনো হাট বসতে দেওয়া হবে না। পাশাপাশি ঈদের সময় ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের নামিয়ে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।