ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার সরকারি অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার লক্ষ্য হলো পাবলিক টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন করা।

এতে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে অর্থায়ন ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ ছাড়া উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। সব টয়লেটে সেপটিক ট্যাংক স্থাপন করতে হবে, যাতে কোনোভাবেই বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পানিদূষণ সৃষ্টি না করে।

স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণে কাজ করবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495