খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬ পাচ্ছেন মির্জা ফখরুল, তামিমসহ ১৫ জন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ পুরস্কারের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজন।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার চালু করেছে।
প্রতিবছর দেশের উন্নয়ন, সমাজসেবা, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হবে।
এবার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সামাজিক সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।