লন্ডনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:১৯ এএম
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। শনিবার সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনানুষ্ঠানিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ ও সুদানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।