শিশু নির্যাতন ও ধর্ষণ বাড়ছে নৈতিক অবক্ষয়ের কারণে: মির্জা ফখরুল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত

দেশে সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় এবং মানবিক মূল্যবোধের পতনের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অমানবিক অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে, যাতে শিশুরা ভয়হীন পরিবেশে বেড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, শুধু আইন কিংবা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন।

বিএনপির এই নেতা বলেন, পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে মানবিকতা, সম্মানবোধ, দায়িত্বশীলতা এবং নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বার্তার শেষাংশে মির্জা ফখরুল বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। এজন্য সবাইকে পরিবর্তনের এই সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495