কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটিতে সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৫৯ পিএম
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বুধবার লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া–ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এই কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।
কমনওয়েলথের এই কার্যনির্বাহী কমিটি মোট ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি আসন বরাদ্দ থাকে সর্বোচ্চ অবদান রাখা সদস্য দেশগুলোর জন্য। বাকি ৮টি আসন চারটি আঞ্চলিক জোট থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।
এই কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন এবং জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম তদারকি করে। পাশাপাশি বোর্ড অব গভর্নরসের জন্য নীতিগত সুপারিশ প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও এই কমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়।