আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন: শায়খ আহমাদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার ভুল-ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন। এই শোকের দিনে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। তিনি বলেন, “জাতি একজন মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।
খালেদা জিয়ার প্রয়াণে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
এর আগে সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে ছিলেন ৪১ বছর। তিনি পাঁচবার সংসদ সদস্য, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।