পেট্রল দিয়ে কনটেন্ট তৈরি, দগ্ধ আল আমিনকে নেওয়া হলো ঢাকায়
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। দুই দিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা অবনত হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন তিনি। তার সহকর্মীদের তথ্য অনুযায়ী, চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন তৈরি করা হচ্ছিল। কিন্তু নির্ধারিত পরিমাণের তুলনায় বেশি পেট্রল ঢেলে দেওয়ায় আগুন দ্রুত উচ্চতা পায় এবং তীব্র তাপে আল আমিনের শরীর দগ্ধ হয়।
ঘটনার সময় আগুন ছড়িয়ে পড়লে তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার শরীরের ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়ে যায়। প্রথমে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
বারডেমে তার পরিচর্যায় থাকা কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, আল আমিন বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করছেন।
আল আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তার আরোগ্য কামনায় অনেকেই দোয়া পোস্ট করছেন।