ট্রেনেই শেষ নিঃশ্বাস

অনন্তলোকে কুড়িগ্রামের বিশিষ্ট তবলা শিল্পী নীহার রঞ্জন বর্মা

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম

তবলা শিল্পী নীহার রঞ্জন বর্মা

অনন্তলোকে যাত্রা করেছেন কুড়িগ্রামের বিশিষ্ট তবলা শিল্পী, ঢোলক বাদক এবং বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুরের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক নীহার রঞ্জন বর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ভারতের বেঙ্গালুরুতে ক্যান্সারের চিকিৎসা শেষে গত ৫ অক্টোবর (সোমবার) রেলযোগে দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে দেশে ফেরা আর হলো না তার। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি রেলস্টেশনে পৌঁছার আগেই চলন্ত ট্রেনের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

নীহার রঞ্জন বর্মা পেশাগত জীবনে মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত ছিলেন।

আজ (বুধবার) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী এবং ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনে সকল আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেল ৫টায় তার মরদেহ আনা হয় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এই গুণী শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী হিন্দুপাড়ার নিজ বাসভবনে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বিশিষ্ট শিল্পী নীহার রঞ্জন বর্মার অকাল প্রয়াণে কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495