বিশ্ববাজারে সোনার দাম কমেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। শুক্রবারও (২০ নভেম্বর) বিশ্ববাজারে দরপতনের ধারা অব্যাহত থাকায় গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। অথচ চলতি মাসের ৪ নভেম্বরও আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ৪ হাজার ১০২ ডলারে লেনদেন হয়েছিল। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আউন্সপ্রতি সোনার দাম কমেছে প্রায় ৫৫০ ডলার।
(উল্লেখ্য, বিশ্ববাজারে সোনা লেনদেন হয় আউন্স হিসেবে। এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম হয়, যা বাংলাদেশের পরিমাপে ২ দশমিক ৪৩ ভরির সমান।)
বাজার তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই বিশ্ববাজারে সোনার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
কেন কমছে সোনার দাম?
বাজার বিশ্লেষক কাইল রোডা জানান, বিশ্ববাজারজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে সোনা বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে শিগগিরই সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় ট্রেজারি বন্ডের মুনাফার হার ও মার্কিন ডলারের মান বাড়ছে। এতে স্বর্ণের বাজারের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, শুক্রবার ডলারের বিনিময় হার ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল। সাম্প্রতিক সময়ে ডলারের ধারাবাহিক দরবৃদ্ধির ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা চাহিদায় ভাটা ফেলেছে।
চাপে এশিয়ার শেয়ারবাজারও
সোনার পাশাপাশি শুক্রবার এশিয়ার শেয়ারবাজারেও বড় দরপতন দেখা গেছে। ২০২০ সালের পর সবচেয়ে খারাপ সাপ্তাহিক অবস্থানের দিকে এগোচ্ছে এ অঞ্চলের পুঁজিবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আত্মপ্রকাশও তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।