রোহিঙ্গা সংকট নিয়ে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি হস্তান্তর করছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার, আঙ্কারা। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

​আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত মানবিক সহায়তার জন্য তিনি দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি বিশেষ চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন ডা. শফিকুর রহমান।

​গণতান্ত্রিক উত্তরণ ও বিনিয়োগ আহ্বান

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রাকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংসদীয় গণতন্ত্রের উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

​জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। তিনি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য দেশটির প্রতি আহ্বান জানান।

​শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে (পিপল-টু-পিপল) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

​বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক ডা. এস এম খালিদুজ্জামান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495