সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযান: ৬৫ জন উদ্ধার, ১১ দালাল আটক
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারে অভিযান চালিয়ে ৬৫ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ১১ জন দালালকে আটক করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর (২০২৬) দিবাগত রাতে নৌবাহিনীর নিয়মিত টহল জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ এই অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মাছ ধরার বোট ‘এফবি আল্লাহর দান-৮৬’ থেকে সাগরে একটি ভাসমান বোটের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত টহলে থাকা বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনীর সদস্যরা দেখতে পান, ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে মালয়েশিয়াগামী কাঠের বোটটিতে পানি প্রবেশ করছে এবং বোটটি ডুবতে বসেছে। এ অবস্থায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত বোট থেকে পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বোটে থাকা ৬৫ জন যাত্রী (যাদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন) এবং মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রী ও আটক দালালদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য এবং মানবিক সহায়তা প্রদান করে নৌবাহিনী।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ১১ দালাল এবং জব্দকৃত বোটটিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।