রায় শুধু কাগজে-কলমে নয়, বাস্তবায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দ্রুত বাস্তবায়ন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য শুনতে মাঠে জড়ো হন ২০ হাজারের বেশি রোহিঙ্গা।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এক কিশোরের কাছ থেকে কাগজপত্র গ্রহণ করছেন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক ও আরআরআরসি মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
ড. খলিলুর রহমান বলেন, দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া ঐতিহাসিক রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হলে নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, অবাধ চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের বিষয়ে আদালত গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন। এসব ঘটনার পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের এই রায় রোহিঙ্গাদের পরিচয়, ইতিহাস ও দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
রায় বাস্তবায়নে চারটি বিষয়ে গুরুত্বারোপ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, প্রথমত, গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত, ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত ও সামষ্টিক ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।
প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, কাউকে জোর করে কিংবা বিপদের মুখে নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। রোহিঙ্গাদের প্রকৃত নিরাপত্তা, নাগরিকত্ব, বৈষম্যহীন জীবনযাপন এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র করা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের উদ্যোগ নিতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজের সিদ্ধান্ত মেনে চলা সদস্যরাষ্ট্রগুলোর দায়িত্ব। কোনো রাষ্ট্র তা পালনে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের একার পক্ষে দীর্ঘদিন এই বিশাল মানবিক দায়িত্ব বহন করা সম্ভব নয়।
বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে মামলা করায় গাম্বিয়া, উদ্যোগে সমর্থন দেওয়ায় ওআইসি, মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আদালতের বিচারক এবং প্রমাণ সংগ্রহে কাজ করা জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের প্রশংসা করেন।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। রোহিঙ্গাদের দুর্ভোগ, দাবি ও প্রত্যাশার কথা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরবেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে নাগরিকত্বের অধিকারসহ নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে এক রোহিঙ্গা যুবক। ছবি: সংগৃহীত
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, তারা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চান না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় আশার আলো দেখালেও অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহও বলেন, বাংলাদেশে আশ্রয় পেয়ে তারা কৃতজ্ঞ, তবে নিরাপত্তা, নাগরিকত্ব ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরে যাওয়া সম্ভব নয়।
নিজ দেশে ফেরার আকুতি জানিয়ে ‘উই ওয়ান্ট আওয়ার হোম ব্যাক’ লেখা প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নেন রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত
সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের অনেকের হাতে নিজেদের অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তব্যের শেষ পর্যায়ে ড. খলিলুর রহমান বলেন, দ্য হেগে ন্যায়বিচারের রায় এসেছে, এখন সেই ন্যায়বিচার রোহিঙ্গাদের শিবির ও রাখাইনের নিজ নিজ গ্রামে বাস্তবায়ন করতে হবে। কোনো রোহিঙ্গা জনগোষ্ঠী যেন আর কখনো গণহত্যার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। তাঁর ভাষায়, ‘আর কখনো নয়’—এর অর্থ সত্যিই আর কখনো নয়।