দলীয় ব্যানারে বহিষ্কৃত নেতাকে যুবদল নেতার সংবর্ধনা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত এক নেতাকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একইভাবে বহিষ্কৃত এক যুবদল নেতার উদ্যোগে দলীয় ব্যানার ব্যবহার করে এই আয়োজন করা হয়েছে।

শনিবার চান্দিনা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা আবুল খায়ের।

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে আগে থেকেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় আতিকুল আলম শাওনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। একইভাবে, অনুষ্ঠানটির আয়োজক আবুল খায়েরকেও পূর্বে উপজেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ পরিস্থিতিতে বহিষ্কৃত একজন নেতাকে দলীয় ব্যানারে সংবর্ধনা দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের নেতা বোরহান উদ্দিন বলেন, “বহিষ্কৃত একজন নেতা আরেক বহিষ্কৃত নেতাকে সংবর্ধনা দিতেই পারেন, তবে সেখানে দলীয় ব্যানার ব্যবহার করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা এ আয়োজন নিয়ে প্রশ্ন তুলে বলেন, বহিষ্কৃত ব্যক্তিরা কীভাবে দলীয় পরিচয়ে এমন অনুষ্ঠান আয়োজন করেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের দাবি করেন, সংবর্ধনা আয়োজনের জন্য ‘উপরে’ অনুমতি নেওয়া হয়েছে। তবে কার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে—এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য আতিকুল আলম শাওন ফোন রিসিভ করেননি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মুন্সী, যুগ্ম আহ্বায়ক আক্তার খান, কাইউম খান, ইসমাইল হোসেন ও জামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

দলীয় নিয়ম অনুযায়ী বহিষ্কৃত কোনো নেতাকে দলীয় ব্যানারে সংবর্ধনা দেওয়ার বৈধতা নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495