দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গজনিত পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬২ জন শিশু। এছাড়া নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব চারজন শিশু হামে মারা গেছে, তারা সবাই ঢাকার বাসিন্দা। অন্যদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

সংক্রমণের দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এখানে ১২৩ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ২১ জনের মধ্যে। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে কম, প্রতিটিতে একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ সময়ে সারা দেশে মোট ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে শুধু ঢাকা বিভাগেই রয়েছে ৫৮০ জন।

হাসপাতালে ভর্তি হওয়া ৭৬২ জনের মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে, সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গত ২৯ দিনে দেশে হামে মোট ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ জন শিশুর।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জন শিশুর মধ্যে ১০ হাজার ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495