২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে, আর বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের এই হিসাব ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু।
এদিকে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১৭ হাজার ২৪ জন হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। এই সময়ে সবচেয়ে বেশি ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছেন ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন। অন্যান্য বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।