মিয়ানমারে দোয়া ও বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
মিয়ানমারে একটি দোয়া মাহফিল ও বিয়ের অনুষ্ঠানে পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এসব হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইরাবতী।
খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানায়, ওই হামলায় অন্তত ২২ জন নিহত এবং শিশুসহ কমপক্ষে ২৮ জন আহত হন।
গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং ইরাবতী নদীর অপর পাশে ভামো শহরের কাছাকাছি অবস্থিত। গ্রামের এক বৃদ্ধের মৃত্যুর পরদিন তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলের প্রস্তুতির সময় একটি বাড়ির আঙিনায় জড়ো হয়েছিলেন গ্রামবাসী।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী-পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কয়েকজনের দেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।
কেআইএর মুখপাত্র কর্নেল নও বু বলেন, ওই গ্রামে কেআইএর কোনো অবস্থান বা সদস্য উপস্থিত ছিল না। তার অভিযোগ, জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘তারা শত্রু ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না। স্কুলসহ যেকোনো জনসমাগমেই তারা বোমা ফেলছে।’
এদিকে একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের ওপর আরেকটি বিমান হামলা চালানো হয়। স্থানীয় তথ্য পর্যবেক্ষণকারী সংগঠন আউংলান ইনফরমেশন গ্রুপ জানায়, এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাখাইন রাজ্যের কিয়াউকতাও ও পন্নাগিউন টাউনশিপের সীমান্ত এলাকায় আরাকান আর্মি (এএ) পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। ওই হামলায় আটক থাকা ২১ জন জান্তা সেনা ও তাদের স্বজন নিহত হন এবং আরও অন্তত ৩০ জন আহত হন।