চুক্তিতে সম্মত না হলে ইরানকে এক রাতে তছনছ করে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম

ছবি: সংগৃহীত

চুক্তির নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান সম্মত না হলে দেশটিকে “এক রাতেই তছনছ করে দেওয়া হতে পারে” বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রস্তাবিত চুক্তিতে সম্মতি না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের কাছে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতৃত্ব তা নিয়ে আলোচনা করছে। তবে তার বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তেহরানের অবস্থান অনুযায়ী, যেকোনো সমঝোতার ক্ষেত্রে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে, এমনকি তা দ্রুতই ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে, যেখানে কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র অক্ষত থাকবে না।

এদিকে বিশ্লেষকদের মতে, বেসামরিক অবকাঠামো যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার ইঙ্গিত আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর প্রশ্নের জন্ম দিতে পারে।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, নির্দিষ্ট সামরিক প্রয়োজন ছাড়া বেসামরিক স্থাপনায় হামলা চালানো অবৈধ এবং তা পরিস্থিতি অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

ওয়াশিংটনের দেওয়া সময়সীমা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: বিবিসি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495