১ বিলিয়ন ডলার আর ‘সুন্দরী নারী’ চাই! তুরস্ককে উগান্ডার সেনাপ্রধানের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম
উগান্ডার সেনাবাহিনীর প্রধান মুহুজি কেইনেরুগাবা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং দেশের “সবচেয়ে সুন্দরী নারীকে” বিয়ের জন্য দাবি করে আলোচনায় এসেছেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। এক পোস্টে তিনি দাবি করেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পায় না। সেই নিরাপত্তা সহযোগিতার বিনিময়ে তিনি তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করেন। পাশাপাশি ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন।
মুহুজি কেইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভিনির ছেলে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইউরি মুসেভিনিকে অনেকে স্বৈরশাসক হিসেবে সমালোচনা করে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক পোস্টে তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে তিনি কোনো সংঘাত চান না, তবে তাদের টিকে থাকার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এক বিলিয়ন ডলারের পাশাপাশি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে তিনি স্ত্রী হিসেবে চান।
তিনি আরও জানান, এক বছরের মধ্যে তাকে ইস্তাম্বুলে বীর হিসেবে স্বাগত জানানো হবে এবং তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে উগান্ডার রাজধানীতে অবস্থিত তুরস্ক দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। পাশাপাশি তুরস্ক চাইলে উগান্ডার দূতাবাস বন্ধ করে দিলেও তাতে তার কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
এছাড়া উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।