আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ এএম
আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রয়োজনে একদিনেই ইরানের পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পুরো জ্বালানি খাত সম্পূর্ণভাবে অচল করে দেওয়া যেতে পারে।
তিনি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থান জানান। ট্রাম্পের ভাষায়, কোন জাহাজ চলবে তা ইরান এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মতে, হয় সব জাহাজ নিরাপদে চলবে, না হলে একটিও চলবে না—এটাই বাস্তবতা।
ইরানকে তেল বিক্রির মাধ্যমে নির্দিষ্ট কোনো পক্ষকে অর্থ উপার্জনের সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের নীতিকে তিনি ‘সব অথবা কিছুই না’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, এই ধরনের অবরোধ ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মতো হলেও তা আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে, যার ফলে যুক্তরাষ্ট্রে আরও বেশি তেলবাহী জাহাজ প্রবেশ করবে বলে তিনি দাবি করেন।
সূত্র: আল-জাজিরা