যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিব্রু ভাষার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহুর দাবি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে এ বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, আলোচনায় করা চুক্তি অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলাবর্ষণ বন্ধ রাখবে এবং ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান সে প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এই লঙ্ঘন যুক্তরাষ্ট্র মেনে নেয়নি।
নেতানিয়াহু আরও জানান, জেডি ভ্যান্স তাকে বলেছেন— যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা।
এদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে নেতানিয়াহু বলেন, দুই দেশের মধ্যে সমন্বয় আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃঢ়। সম্পর্কের অবনতির যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন ঘনিষ্ঠ সমন্বয় ইসরায়েলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল