মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ পার করল চীনা তেলবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করায় ওয়াশিংটনের ঘোষিত নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার জাহাজটির এই যাত্রা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শিপিং তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এলএসইজি-এর তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা নাবিকরা রয়েছেন। এর আগে জাহাজটি ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র এই জাহাজটিকে কালো তালিকাভুক্ত করে। তবে সাম্প্রতিক যাত্রায় এটি ইরানি কোনো বন্দরে থেমেছিল কি না বা এতে কোনো তেল ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, পারস্য উপসাগর ত্যাগ করতে গিয়ে জাহাজটি গত ২৪ ঘণ্টায় দুই দফা চেষ্টা চালায়। নিউইয়র্ক সময় সোমবার সকাল ১০টায় মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরপরই এটি ইরানের কেশম দ্বীপ সংলগ্ন সংকীর্ণ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কয়েক ঘণ্টা পর পুনরায় যাত্রা শুরু করে জাহাজটি এবং যোগাযোগ বার্তায় জানায়, এর মালিক ও নাবিকরা সবাই চীনা নাগরিক।
সাধারণত নিরাপত্তার স্বার্থে এ ধরনের বার্তা ব্যবহার করা হলেও বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নেবে কি না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই বৈশ্বিক শিপিং খাত ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অবরোধের বিস্তারিত নির্দেশনা স্পষ্ট না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনো কার্যক্রম নিয়ে দ্বিধায় রয়েছে।
বিভিন্ন কোম্পানি জানিয়েছে, পরিষ্কার নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা সাময়িকভাবে জাহাজ চলাচল স্থগিত রাখছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি সীমিত করা।
বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কেন্দ্র হিসেবে উঠে এসেছে। বিশেষ করে চীনা জাহাজের এই অগ্রযাত্রা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি জাহাজটি আটকানোর চেষ্টা করে, তবে চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। আর কোনো ব্যবস্থা না নিলে অবরোধের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠবে। ফলে আন্তর্জাতিক মহল এখন হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। সূত্র: দ্য গার্ডিয়ান