অবরোধ তুলে নিয়ে স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি তিনি স্থায়ীভাবে উন্মুক্ত করে দিয়েছেন। তার মতে, এই পদক্ষেপে শুধু একটি দেশ নয়, বরং পুরো বিশ্বই উপকৃত হবে এবং এতে চীন ‘খুবই সন্তুষ্ট’।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ভবিষ্যতে আর কখনো অবরুদ্ধ হবে না। একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান-এ অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে। কয়েক সপ্তাহ পর তার সফরে চীনের প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। দুই দেশের মধ্যে সহযোগিতার ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, সংঘাতের চেয়ে সমন্বিতভাবে কাজ করাই উত্তম।
তবে একই সঙ্গে সতর্কবার্তাও দেন তিনি। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে নামতে প্রস্তুত এবং সক্ষমতার দিক থেকে অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে বলেও মন্তব্য করেন মার্কিন এই প্রেসিডেন্ট।
অন্যদিকে, চীন ইরানে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে ট্রাম্পের দাবির বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন তথ্য উঠে এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান-কে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আবার অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটি শনাক্তে চীনের গোয়েন্দা উপগ্রহ ব্যবহার করছে ইরান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের দাবি, ইরান-কে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না তারা।