হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি বলেন, যুদ্ধবিরতির সময় পর্যন্ত হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত সমন্বিত রুটে চলাচল করতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যুদ্ধবিরতি বহাল থাকা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। ফলে এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।