ইন্দোনেশিয়ায় হোটেলে চুরির সময় আটক ৪ ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম
ইন্দোনেশিয়ার বালিতে একটি রিসোর্ট থেকে জিনিসপত্র চুরির সময় চার ভারতীয় পর্যটককে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা না নিয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৯ এপ্রিল) সকালে বালির গিয়ানিয়ার অঞ্চলের পায়াঙ্গান জেলার কেলুসা গ্রামে অবস্থিত আসভারা রিসোর্ট উবুদে এ ঘটনা ঘটে।
গিয়ানিয়ার পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নুগুরাহ সুয়ার্দিতা জানান, অভিযুক্ত চার পর্যটক ১৬ এপ্রিল থেকে রিসোর্টটিতে অবস্থান করছিলেন। তারা তিন দিন দুই রাতের জন্য দুটি কক্ষ ভাড়া নেন এবং ১৯ এপ্রিল চেকআউটের সময় ঘটনাটি ধরা পড়ে।
রিসোর্ট কর্তৃপক্ষ চেকআউটের সময় লক্ষ্য করে, কক্ষের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অনুপস্থিত। সন্দেহ হলে অতিথিদের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকেই চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জিনিসগুলোর মধ্যে ছিল বাথ টাওয়েল, পুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো, দরজার পাপোশ, টেলিভিশনের রিমোট বক্স এবং ডাইনিং সামগ্রী।
সুয়ার্দিতা জানান, বিষয়টি জানার পর রিসোর্ট কর্তৃপক্ষ চেকআউট প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে এবং ব্যাখ্যা দাবি করে। পরে লাগেজ তল্লাশির মাধ্যমে সব জিনিস উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় পুলিশে কোনো অভিযোগ করা হয়নি। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায় এবং পর্যটকরা চুরি করা সব জিনিস ফেরত দেন। এরপর তাদের চেকআউট সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়।
এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রিসোর্টের বাইরে চার পর্যটকের ট্রলি খুলে তল্লাশি চালাচ্ছেন কর্মীরা। এ সময় পর্যটকরা পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তল্লাশি শুরু হলে তাদের অস্বস্তিতে পড়তে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তরুণ গৌতম নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা গেছে।