চুক্তি হলেই ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর চুক্তি হলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটাই জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে ফ্রিডরিখ মের্ৎস বলেন, সম্ভাব্য এই উদ্যোগের মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের পথ তৈরি হতে পারে।
এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, কোনো ধরনের বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া প্রয়োজন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বাইরের দেশ সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা।
বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্ক করে বলেন, এবারের আলোচনা যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে বিশ্ব আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে পারে।