৩০ শিশুদের রক্ষায় গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় এক পথকুকুরের অসাধারণ আত্মত্যাগের ঘটনা স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ‘কালী’ নামের এই কুকুরটি ৩০ জনেরও বেশি শিশুর প্রাণ বাঁচাতে বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছে।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একটি শিশু শিক্ষালয়ের সামনে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ স্কুল চত্বরে ঢুকে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন সংকটময় মুহূর্তে কালী দ্রুত পরিস্থিতি বুঝে সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে। শিশুদের সামনে অবস্থান নিয়ে সে সাপটির সঙ্গে লড়াই শুরু করে। দীর্ঘ লড়াইয়ের একপর্যায়ে কালী সাপটিকে মেরে ফেলতে সক্ষম হয়। তবে এ সময় সাপের একাধিক দংশনে গুরুতর আহত হয় সে।

গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, বারবার দংশনের পরও কালী পিছু হটেনি। তার সাহসিকতার কারণেই সাপটি শিশুদের কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত বিষক্রিয়ায় প্রাণ হারায় এই সাহসী কুকুরটি।

কালী’র এই আত্মত্যাগে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে, একটি পথকুকুর হয়েও যেভাবে সে শিশুদের জীবন রক্ষা করেছে, তা সত্যিই বিরল এবং হৃদয়স্পর্শী।

পরবর্তীতে গ্রামবাসীদের উদ্যোগে আবেগঘন পরিবেশে কালীকে শেষ বিদায় জানানো হয়। সাদা কাপড়ে মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495